আন্তর্জাতিক, অন্যান্য
ইকুয়েডরে গির্জায় প্রার্থনা চলাকালে ক্রুশ ভেঙে পড়ে যাজকের মৃত্যু

ইকুয়েডরের একটি গির্জায় প্রার্থনাসভা সরাসরি সম্প্রচারের সময় বড় কাঠের ক্রুশ ভেঙে পড়ে এক যাজকের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির গুয়ায়াকিল শহরের নুয়েস্ত্রা সেনিওরা দেল পেরপেতুয়ো সোকোরো গির্জায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাজকের নাম ফাদার পাত্রিসিও আলফ্রেদো সানচেজ মোলিনারি।
সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, যাজক সানচেজ মোলিনারি গির্জার বেদিতে দাঁড়িয়ে খ্রিষ্টীয় উপাসনার অংশ হিসেবে কমিউনিয়ন প্রস্তুত করছিলেন। এ সময় তাঁর পেছনে থাকা বড় কাঠের ক্রুশটি হঠাৎ সামনের দিকে ভেঙে পড়ে এবং তাঁকে আঘাত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানের ভিডিওতে দুর্ঘটনার পর গির্জার ভেতরে উপস্থিত লোকজনের চিৎকার ও তাকে বাঁচানোর চেষ্টা দেখা যায়।
ভিডিওতে এক নারীকে অ্যাম্বুলেন্স ডাকার জন্য চিৎকার করতেও শোনা যায়। তবে শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো যায়নি ওই যাজককে।
গুয়ায়াকিলের আর্চডায়োসিস এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে তাঁকে পেরপেতুয়ো সোকোরো গির্জার যাজক হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করা হয়।
ইকুয়েডরের সংবাদমাধ্যম প্রিমিসিয়াসের তথ্য অনুযায়ী, মৃত্যুর মাত্র এক দিন আগে যাজক হিসেবে অভিষেকের বার্ষিকীতে তাকে অভিনন্দন জানিয়েছিল আর্চডায়োসিস।
সানচেজ মোলিনারি ক্যাথলিক ধর্মীয় সংগঠন কংগ্রিগেশন অব দ্য মোস্ট হলি রিডিমারের সদস্য ছিলেন, যা রিডেম্পটরিস্ট নামেও পরিচিত। গুয়ায়াকিলে দায়িত্ব পালনের আগে তিনি দেশটির লস রিওস প্রদেশের ভিনসেস শহরের সান লরেঞ্জো গির্জায় কয়েক বছর যাজক হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, ক্রুশটি কী কারণে ভেঙে পড়ে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে গির্জা কর্তৃপক্ষও প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেয়নি।
ডিবিসি/এসএফএল