ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

খেলাধুলা, ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ব্যালন ডি’অরজয়ী সেরা মৌসুম বেছে নিতে আয়োজিত বিশেষ অনলাইন ভোটে এগিয়ে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০০৮ সালের সাফল্য। প্রকাশিত হিসাব অনুযায়ী, ওই মৌসুমের পক্ষে পড়েছে প্রায় ৬২ শতাংশ ভোট। অন্যদিকে, লিওনেল মেসির ২০১২ সালের মৌসুম পেয়েছে প্রায় ১৩ শতাংশ ভোট।

ব্যালন ডি’অরের অফিশিয়াল প্ল্যাটফর্মে অক্টোবরের শুরুতে এই ভোটাভুটি চালু হয়। প্যারিসের স্থানীয় সময় ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ভোট দিতে পারবেন সমর্থকেরা। ফুটবল ইতিহাসের ১০ কিংবদন্তির ব্যালন ডি’অরজয়ী বিভিন্ন মৌসুমের মধ্য থেকে পছন্দের একটি বেছে নেওয়ার সুযোগ থাকছে এতে।

 

মেসি ও রোনালদোর পাশাপাশি তালিকায় আছেন রোনালদো নাজারিও, মার্কো ফান বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হাইন্ৎস রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেদো দি স্তেফানো।

 

তবে এই ভোটে অংশ নিতে প্রতিবার এক ইউরো খরচ করতে হচ্ছে। এর বিনিময়ে ভোটদাতারা ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতে অংশ নেওয়ার এবং ট্রফির একটি বিশেষ ছবি ডাউনলোডের সুযোগ পাচ্ছেন। একজন ব্যক্তি একাধিকবার, এমনকি একই মৌসুমের পক্ষেও বারবার ভোট দিতে পারবেন। ফলে ভোটের শতাংশকে পৃথক সমর্থকের অনুপাত হিসেবে দেখার সুযোগ নেই।

 

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পাওয়া ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রথম ব্যালন ডি’অর জেতেন রোনালদো। পরবর্তী সময়ে আরও চারবার পুরস্কারটি জিতে নিজের সংগ্রহ পাঁচে নিয়ে যান পর্তুগিজ তারকা।

 

অন্যদিকে, মেসির ২০১২ সালটি ফুটবল ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। সে বছর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯১ গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। জেতেন টানা চতুর্থ ব্যালন ডি’অর। চলমান ভোটে তাঁর সেই বছরের সাফল্যের পক্ষে পড়েছে প্রায় ১৩ শতাংশ ভোট।

 

মেসির ২০২৩ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম পেয়েছে প্রায় ৯ শতাংশ ভোট। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার পর অষ্টমবারের মতো পুরস্কারটি জেতেন তিনি।

 

মেসির একাধিক ব্যালন ডি’অরজয়ী মৌসুম ভোটের তালিকায় থাকায় তাঁর পক্ষে পড়া ভোট বিভিন্ন বছরে ভাগ হয়েছে। তবে এর প্রভাব কতটা, তা নির্দিষ্টভাবে বলা যায় না।

 

আপাতত রোনালদোর ২০০৮ সালের সাফল্য বড় ব্যবধানে এগিয়ে থাকলেও ভোট গ্রহণ শেষ হয়নি। ২৭ অক্টোবর ভোটাভুটি শেষ হওয়ার পরই জানা যাবে চূড়ান্ত ফল।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন