সারা বাংলা
ব্রাহ্মণবাড়িয়ায় ১শ কেজি গাঁজাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ মো. সাকিব মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকার একটি পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল বিষ্ণুপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা কয়েকটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে সাকিব মিয়াকে আটক করা হয়। এ সময় আরও পাঁচ থেকে ছয়জন পালিয়ে যান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক সাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে ফেলে যাওয়া ১০টি বস্তা তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব মিয়া জানান, তিনি ও তার পলাতক সহযোগীরা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআরবি-৯-এর সদস্যরা ১০০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআরবি-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন