ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পঞ্চগড়ে রিকশাচালক হত্যা ও গুম মামলা: সাবেক এমপি ২ দিনের রিমান্ডে

পঞ্চগড়ে রিকশাচালক হত্যা ও গুম মামলা: সাবেক এমপি ২ দিনের রিমান্ডে

সারা বাংলা

পঞ্চগড়ে রিকশাচালক হত্যা ও গুম মামলা: সাবেক এমপি ২ দিনের রিমান্ডে

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

পঞ্চগড়ে নিখোঁজ রিকশাচালক আল আমিন (২১) হত্যা ও লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

 

আদালত পুলিশ সূত্রে জানা যায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা নাঈমুজ্জামান ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৬ অক্টোবর ভোরে পঞ্চগড় সদর উপজেলার আমতলা কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভুঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

 

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড় শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার পর থেকে রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরবর্তীতে ওই বছরের ১০ নভেম্বর আল আমিনের বাবা মনু মিয়া বাদী হয়ে সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা ও গুম মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়।

 

নাঈমুজ্জামান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন