ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

রোহিঙ্গাদের সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক

রোহিঙ্গাদের সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক

সারা বাংলা

রোহিঙ্গাদের সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক

টাঙ্গাই‌ল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

গত নয় বছরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪৬ কোটি পাউন্ড অর্থাৎ প্রায় ৭ হাজার ৫৮৩ কোটি টাকার বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাজ্য দীর্ঘ সময় ধরে বাংলাদেশের অন্যতম বড় সমর্থক ও অংশীদার। মিয়ানমারের পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গারা যাতে নিরাপদে, মর্যাদাপূর্ণভাবে ও স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারে, সেজন্য যুক্তরাজ্য বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

 

যুক্তরাজ্যে বাংলাদেশিদের জন্য বৈধ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও চমৎকার। যুক্তরাজ্যে একটি বড় বাংলাদেশি কমিউনিটি রয়েছে, যারা দেশটির অর্থনীতিতে ভূমিকা রাখছে। একইসঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন ও নতুন কর্মসংস্থান তৈরিতেও যুক্তরাজ্য সহযোগী হিসেবে কাজ করছে।

 

পূজার অনুভূতি প্রকাশ করে সারাহ কুক বলেন, মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে দুর্গাপূজা উদযাপনে অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। এটি তাঁর এখানে তৃতীয় সফর। তিনি জানান, সব সম্প্রদায়ের মানুষকে একত্রিত করার এই উৎসব, এর আবহ, সংগীত ও নৃত্য তাঁর সবসময়ই খুব ভালো লাগে।

 

এর আগে সন্ধ্যায় হাইকমিশনার সারাহ কুক কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে তিনি বজরা নৌকায় চড়ে লৌহজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে পৌঁছান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে তিনি ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশিত আরতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন