সারা বাংলা
যশোরে পূজা দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোনের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের সংঘর্ষে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের একজন শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে একটি যাত্রীবাহী ভ্যানে করে পূজা দেখতে বের হয়েছিলেন সাধন কুমার। পথিমধ্যে তাঁদের বহনকারী ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নসিমনের সংঘর্ষ হয়। একপর্যায়ে নসিমনটি উল্টে ভ্যানের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় সাধন কুমার ও তাঁর স্ত্রী আহত হন।
দুর্ঘটনায় নসিমনের চালক ও এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। আহত নসিমন চালককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।
ডিবিসি/আরএসএল