সারা বাংলা
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, ম্যানেজারের ৭ দিনের রিমান্ড আবেদন

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ম্যানেজার মোহাম্মদ সুমনের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) মামলার বাদী ও ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবীন ঘোষ উখিয়া আদালতের ম্যাজিস্ট্রেট বরাবরে এ রিমান্ড আবেদন দাখিল করেন। তবে আদালত এখনও শুনানির দিন ধার্য করেনি বলে নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই কামরুল ইসলাম।
এর আগে গত ১৭ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে পাটুয়ারটেকের ওই রিসোর্টে আগুন লাগে। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করে। তাদের সঙ্গে উদ্ধারকাজে যুক্ত হন বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর তল্লাশি চালিয়ে একে একে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত আরও ৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
অগ্নিকাণ্ডের দিন রাতেই রিসোর্টের ম্যানেজার সুমনকে আটক করে পুলিশ। পরে রিসোর্টের দুই মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনার তদন্তে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে উদ্ধার হওয়া ১০টি মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহগুলো শনাক্তের জন্য স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ডিবিসি/এমএনকে