সারা বাংলা
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মেকানিকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে গ্যারেজে মোটরসাইকেল ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহান শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শেখপুর বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান উপজেলার শেখপুর ইউনিয়নের বাজিতপুর এলাকার শহিদুল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেখপুর বাজারের মা মোটরস নামের একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করতেন সোহান। সন্ধ্যায় গ্যারেজে একটি মোটরসাইকেল ধোয়ার কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোশাররফ হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
ডিবিসি/এমএনকে