সারা বাংলা
মানিকগঞ্জে মা ইলিশ রক্ষার অভিযানে জব্দ মাছ গেল এতিমখানা ও মাদ্রাসায়

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৪ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ বিতরণ করা হয়েছে এতিমখানা ও মাদ্রাসায়।
সোমবার (১৯ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে উপজেলার যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় মৎস্য বিভাগের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা ইলিশ মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডিবিসি/এসডব্লিউএন