ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে অতন্দ্র প্রহরীর ভূমিকায় আনসার-ভিডিপি: পূজামণ্ডপ পরিদর্শনে মহাপরিচালক

দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে অতন্দ্র প্রহরীর ভূমিকায় আনসার-ভিডিপি: পূজামণ্ডপ পরিদর্শনে মহাপরিচালক

সারা বাংলা

দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে অতন্দ্র প্রহরীর ভূমিকায় আনসার-ভিডিপি: পূজামণ্ডপ পরিদর্শনে মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর রাখতে বাহিনীর নিরাপত্তা দায়িত্ব সরেজমিনে তদারকির ধারাবাহিকতায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ফার্মগেটের ওই মণ্ডপ পরিদর্শনে যান তিনি। এ সময় উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুভেচ্ছা উপহার দেন মহাপরিচালক। পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম এবং কমিটির সঙ্গে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।

 

পরিদর্শনকালে মহাপরিচালক বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে আনসার-ভিডিপি সদস্যরা সরাসরি ও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। পূজা উদ্‌যাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপকেন্দ্রিক যেকোনো বিশৃঙ্খলা ও সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে। এবারের পূজায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের আধিক্যের পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর সমন্বিত তাৎক্ষণিক সাড়াদান ও তৎপরতা সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করেছে।

 

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত পূজামণ্ডপগুলোও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মনিটরিং টিমের নিবিড় তদারকির আওতায় রয়েছে। এর মাধ্যমে সব পর্যায়ের পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে।

 

দায়িত্ব পালনরত সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশনা দিয়ে তিনি জানান, কোনো ধরনের উসকানি, গুজব বা অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

 

নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি পূজামণ্ডপে মানবিক সেবা প্রদানেও সক্রিয় রয়েছেন বাহিনীর সদস্যরা। পূজামণ্ডপে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, প্রবীণ দর্শনার্থীদের সহযোগিতা এবং শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা কাজ করছেন। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন, নারী উত্ত্যক্তকারীদের প্রতিহত ও সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণসহ সম্ভাব্য সব ধরনের নিরাপত্তাঝুঁকি মোকাবিলা করা হচ্ছে।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ধর্মীয় সম্প্রীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। জননিরাপত্তা নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং উৎসবমুখর পরিবেশ সুরক্ষায় বাহিনীর সদস্যদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন