ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ২

সারা বাংলা

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ২

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাবিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের সাহেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাবিব ওচমানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহেবপুর এলাকার আমির আলী সওদাগর বাড়ির কাদেরুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার নাঈম হোসেন ও সাজ্জাদুল ইসলাম।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে পূজামণ্ডপফেরত যাত্রী নিয়ে একটি অটোরিকশা আসছিল। সাহেবপুর এলাকায় পৌঁছালে সড়কের একটি গর্তে চাকা পড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয় এবং তার দুই বন্ধু গুরুতর আহত হন।

 

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রাকিব হাসান জানান, হাসপাতালে আনার আগেই হাবিবের মৃত্যু হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন