জাতীয়
রংপুরের পথে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে ও ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে করে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই উৎসবের মণ্ডপ পরিদর্শনে গেলেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর বেলা ১১টায় রংপুরের রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজশাহীতে পৌঁছে ধর্মসভা মন্দির পরিদর্শন এবং বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, নিতাই রায় চৌধুরীসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
রাজশাহীর কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাত ৭টা ৪৫ মিনিটে বিমানযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে গত রোববার রাতেও ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে তিনি ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। উল্লেখ্য, আজ সারা দেশে দুর্গাপূজার মহানবমী উদযাপিত হচ্ছে এবং আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় এই দুর্গোৎসব।
ডিবিসি/এফএইচআর