সারা বাংলা
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরকারপাড়া এলাকার নাটোর-পাবনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী ‘আরপি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ভোররাতে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে প্রচণ্ড বেগে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন প্রাণ হারান এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে গুরুতর আহত আটজনকে রামেকে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহগুলো নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) , ভোরের দিকে চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রশাসন হতাহতদের পাশে রয়েছে।
ডিবিসি/এফএইচআর