ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

জাতীয়

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় যেমন সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে স্বাধীন করেছে, ঠিক তেমনি এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বীর সম্মিলিত পরিশ্রমেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

 

সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গত ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার যে ম্যান্ডেট দিয়েছে, তার প্রতি সম্মান রেখে সরকার সমাজের খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া জনসাধারণের সুবিধার্থে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ সমাজের সম্মানিত গুরুজনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থাও করা হয়েছে।

 

চলমান শারদীয় দুর্গোৎসবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি বড় উৎসবের সময়। এই উৎসবকে কেন্দ্র করে তিনি সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার। তাই সব ধরনের ভেদাভেদ ভুলে দেশের সার্বিক উন্নয়ন ও একটি উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্বও এ দেশের সব নাগরিকের।

 

পরিশেষে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সমাজের প্রতিটি শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজন পূরণে সরকার যেমন সচেষ্ট রয়েছে, তেমনি নাগরিকদেরও দেশের প্রতি নিজেদের দায়িত্ব পালন করতে হবে। সবার সম্মিলিত অংশগ্রহণ, অঙ্গীকার ও পরিশ্রমের মাধ্যমেই কাঙ্ক্ষিত সেই সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন