সারা বাংলা
যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, থানায় জিডি

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৯ অক্টোবর) রাতে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
প্রকাশ্যে এমন অস্ত্র প্রদর্শনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় নিজস্ব প্রভাব বিস্তার এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অভিযুক্ত শরিফুল ইসলাম জনসমাগমপূর্ণ শাড়াতলা বাজারে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেন। দিনের ব্যস্ত সময়ে এমন ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের পাশাপাশি পথচারীদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা তৈরি হয়।
ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং অভিযুক্ত শরিফুল ইসলামকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/এমএনকে