সারা বাংলা
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়ি-দোকান ভাঙচুর

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুর বেদে পল্লী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হয়ে থেমে থেমে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ২০টি বাড়িঘর ও ৫টি দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দীর্ঘদিন এলাকাছাড়া ছিলেন রেজাউল ইসলাম ওরফে রেজা। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর তিনি ও তার সমর্থকরা এলাকায় ফিরে আসেন। এলাকায় ফেরার পর থেকেই স্থানীয় মকলেছ হোসেনের সমর্থকদের সঙ্গে তাদের আধিপত্য নিয়ে চরম বিরোধের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় কাশিপুর ক্লাব মোড় এলাকায় হামলা চালায় রেজাউলের সমর্থকরা। মুহূর্তের মধ্যেই তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত কয়েক দফা চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এছাড়া তাণ্ডব চালিয়ে ভাঙচুর করা হয় ২০টি বাড়ি ও ৫টি ব্যবসাপ্রতিষ্ঠান। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবিসি/এমএনকে