সারা বাংলা
নওগাঁয় নদীতে মাছ ধরার রিং জাল বসানো নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নওগাঁর পোরশা উপজেলায় পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেলিম রেজা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নামক স্থানে পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের মো. নুর বক্তের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নদীতে মাছ ধরার জন্য রিং জাল পাতা নিয়ে পশ্চিম রঘুনাথপুর গ্রামের সেলিম রেজার সাথে নিতপুর জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের কথা-কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে শক্ত বস্তু দিয়ে সেলিম রেজার মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত ও গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিম রেজার মৃত্যু হয়।
এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে রিং জাল বসানোকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিবিসি/এমএনকে