আন্তর্জাতিক, আরব
হরমুজে ২ ট্যাংকারে ফের আগুন, তেল কোম্পানিগুলোকে ইরানের সতর্কবার্তা

হরমুজ প্রণালির দক্ষিণে মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, অবৈধ পথে চলাচলকারী ট্যাংকার দুটি বিস্ফোরণের পর থেমে যায়। একই সঙ্গে রাতে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা।
তেহরান থেকে ২০ অক্টোবর মেহর নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে আইআরজিসির এক বিবৃতির বরাতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণের ওই পথে আইআরজিসির নৌবাহিনী মাইন পেতে রেখেছিল। সেই মাইন বিস্ফোরিত হলে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলোর চলাচল বন্ধ হয়ে পড়ে।
ড্রোন ভূপাতিত করার বিষয়ে বাহিনীটি জানায়, রাতে হরমুজ প্রণালির আকাশসীমায় নজরদারির সময় তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একটি মার্কিন এমকিউ-৯ শনাক্ত করে। এরপর সেটিকে তাৎক্ষণিকভাবে আঘাত করা হয়। এতে ড্রোনটি ধ্বংস হয়ে ভূপাতিত হয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
আইআরজিসি আরও জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী পুরো অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। দেশের নেতা ও জনগণের প্রতি অঙ্গীকারে অবিচল থেকে তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বজায় রেখেছে এবং প্রতিপক্ষের ওপর চাপ অব্যাহত রেখেছে।
বিবৃতিতে ইরানের জনগণের প্রতিরোধের প্রশংসাও করা হয়। এতে দাবি করা হয়, টানা ২৩০ রাতের বেশি সময় ধরে রাস্তায় জনগণের উপস্থিতি সবচেয়ে বড় বিজয় এনে দিয়েছে এবং পাঁচ মহাদেশে মানুষকে সংগঠিত হতে উদ্বুদ্ধ করেছে।
আইআরজিসির নৌবাহিনী আবারও সতর্ক করে বলেছে, মাইন পাতা ওই পথ দিয়ে চলাচল করলে নিয়ম লঙ্ঘনকারীদের সম্পদ আগুনে পুড়বে। যুক্তরাষ্ট্রের উসকানিমূলক তৎপরতা অব্যাহত থাকলে তেল কোম্পানিগুলোকে আরও চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।
ডিবিসি/এসএফএল