সারা বাংলা
নারায়ণগঞ্জে ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুট ও পলিথিনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক সোয়া ১১টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি মার্কাস মসজিদ এলাকায় স্থানীয় ব্যবসায়ী মো. ইব্রাহিমের গোডাউনে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে শিবু মার্কেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, গোডাউনের পাশেই ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ওই কাজের সময় সৃষ্ট আগুনের ফুলকি ছিটকে এসে ঝুট ও পলিথিনের গোডাউনটিতে আগুনের সূত্রপাত ঘটায়।
আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছেন গোডাউনের মালিক মো. ইব্রাহিম। তিনি জানান, আগুনে তাঁর গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে, যা আগামীকালই ডেলিভারি দেওয়ার কথা ছিল।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তদন্তের পরই নিশ্চিত করে বলা যাবে।
ডিবিসি/আরএসএল