সারা বাংলা
কক্সবাজারে গাড়ির ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু

দুর্গাপূজার ছুটিতে পরিবারের সঙ্গে কক্সবাজারের মহেশখালীতে বেড়াতে এসে ব্যাটারিচালিত ইজিবাইকের (মিশুক) ধাক্কায় আফরিন নামের চার বছর বয়সী এক পর্যটক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঐতিহাসিক আদিনাথ জেটিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরিন নরসিংদী জেলা থেকে বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিল। তবে আহত অপর শিশুর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূজার ছুটিতে নরসিংদী থেকে কক্সবাজারে ভ্রমণে আসে পরিবারটি। মঙ্গলবার সকালে মহেশখালীর আদিনাথ মন্দির জেটিঘাটে পৌঁছে জেটি পার হচ্ছিলেন পরিবারের সদস্যরা। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত ইজিবাইক শিশু আফরিনকে সজোরে ধাক্কা দেয়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে আফরিন গুরুতর আহত হয়। একই সঙ্গে তাদের সঙ্গে থাকা আরও এক শিশু সামান্য আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দ্রুত আফরিনকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেটিঘাটে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় পর্যটক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পদক্ষেপ নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/এমএনকে