সারা বাংলা
মানিকগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল ফেরত দিতে বিকাশে টাকা দাবি

মানিকগঞ্জের সিংগাইরে শিল্প ও বাণিজ্য মেলা থেকে চুরি হওয়া মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে বিকাশে টাকা দাবির অভিযোগ উঠেছে। গত ১৮ অক্টোবর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী এই মেলার প্রথম দিনে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এর দুই দিন পর মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে মোটরসাইকেল ফেরত দেওয়ার শর্তে ভুক্তভোগীদের কাছে বিকাশে টাকা দাবি করা হচ্ছে। এ ঘটনায় তাঁরা সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীদের একজন উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মো. আরাফাত (২৪)। তিনি জানান, গত রবিবার বিকেল চারটার দিকে মেলার গেটের সামনে বাবার নামে নিবন্ধিত প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা মূল্যের কালো রঙের একটি হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল তালাবদ্ধ করে তিনি ভেতরে যান। দেড় ঘণ্টা পর ফিরে এসে সেটি আর পাননি। একই দিন মেলার অদূরে শাহাদাত চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের মোহর আলীর ছেলে নজরুল ইসলাম মামুনের আরেকটি মোটরসাইকেল চুরি হয়। মঙ্গলবার সকাল থেকে চুরি যাওয়া এসব মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে টাকা দাবি করা হলে দুপুরে তাঁরা থানায় গিয়ে অভিযোগ দেন।
প্রশাসন সূত্রে জানা যায়, নিজস্ব ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষার শর্তে এই মেলার অনুমতি দেওয়া হয়েছিল। তবে প্রথম দিনেই চুরির ঘটনা ও পরে টাকা দাবির বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, অভিযোগ দুটি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের মোটরসাইকেলের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা কর্তৃপক্ষকে গ্যারেজের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল মমিন জানান, চুরি ও বিকাশে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে, তবে ঘটনার সত্যতা নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ডিবিসি/আরএসএল