সারা বাংলা
লালমনিরহাটে ৭০ বস্তা সার জব্দ: দুই ডিলারের জরিমানা, একজনের কারাদণ্ড
.webp)
লালমনিরহাটের আদিতমারীতে অবৈধভাবে সার পাচার ও কালোবাজারে বিক্রির দায়ে এক খুচরা বিক্রেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই সার ডিলারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ৭০ বস্তা সার।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এই জেল-জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজা বেগম।
দণ্ডপ্রাপ্ত খুচরা বিক্রেতা দুলাল মিয়া কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার নির্ধারিত সার অন্য জেলায় পাচার করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশসহ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। বিকেলে সাপ্টিবাড়ী ইউনিয়নের বীরানী এলাকায় অভিযান চালিয়ে ১৯ বস্তা ডিএপি সারসহ দুলাল মিয়াকে আটক করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার টিপের বাজারের বিএডিসি সার ডিলার মনিরুজ্জামান মনিরের বিক্রয় পয়েন্টে যায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে সার পাচারের সত্যতা পাওয়ায় ডিলার মনিরুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে আটক দুলালের তথ্যানুযায়ী, পশ্চিম দৌলজোড় মাঠেরপাড় এলাকায় তাঁর ভাগ্নে সিরাজুল ইসলামের মুদির দোকানে তল্লাশি চালিয়ে আরও ৫১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এসব সারের উৎস খুঁজতে গিয়ে সাপ্টিবাড়ী বাজারের বিসিআইসি ডিলার পয়েন্টে অভিযান চালানো হয়। সেখানে ডিলার শফিকুল আলমের পয়েন্টে কালোবাজারে সার বিক্রির সত্যতা মেলায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মোট ৭০ বস্তা সার জব্দ করে স্থানীয় কৃষি সম্প্রসারণ গুদামে পাঠানো হয় এবং আটক দুলাল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ডিলার শফিকুল আলমের পক্ষ থেকে তাঁর পরিবার দাবি করেছে, ‘তিনি বিষয়টি জানতেন না, দোকানের কর্মচারীরা হয়তো এ ধরনের কাজ করেছিল।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, সাজাপ্রাপ্ত দুলাল মিয়াকে আদালতের নির্দেশে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের বিষয়ে আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম বলেন, ‘সার পাচারের অপরাধে দুলাল মিয়া নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কালোবাজারে সার বিক্রি ও পাচারের দায়ে দুই ডিলারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ৭০ বস্তা সার কৃষি গুদামে সংরক্ষণ করা হয়েছে।’ কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ডিবিসি/এমএনকে