বাংলাদেশ, জাতীয়
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং দলীয় সাংগঠনিক সভায় যোগ দিতে চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে একটি বিশেষ সামরিক বিমানে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ স্থানীয় সংসদ সদস্য এবং জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি নগরের জেএম সেন হল পূজামণ্ডপে যাবেন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন। এরপর রাতে স্থানীয় বিএনপির একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে দিনভর প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহীতে ব্যস্ত সময় পার করেন। সকালে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে রংপুরে গিয়ে দুটি পথসভায় বক্তব্য দেন এবং সেখানকার রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নিয়ে প্রায় ৩৯ হাজার আখচাষির মাঝে ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন করেন।
চট্টগ্রামের নির্ধারিত কর্মসূচিগুলো শেষ করে রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
ডিবিসি/এমএনকে