ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটের মুখে পড়তে পারে ১ কোটি ৯২ লাখ মানুষ

আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটের মুখে পড়তে পারে ১ কোটি ৯২ লাখ মানুষ

আন্তর্জাতিক, এশিয়া

আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটের মুখে পড়তে পারে ১ কোটি ৯২ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

আফগানিস্তানে আসন্ন শীতে প্রায় ১ কোটি ৯২ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মানবিক সহায়তায় অর্থের ঘাটতির মধ্যে দেশটিতে ক্ষুধা ও অপুষ্টির পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের এ তথ্য জানান আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) মুখপাত্র ওলগা চেরেভকো। তিনি বলেন, সেপ্টেম্বর ও অক্টোবরে দেশটির ১ কোটি ৫৯ লাখ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতার সংকট পর্যায় বা তার চেয়েও খারাপ অবস্থায় রয়েছে। এই সংখ্যা প্রায় প্রতি তিনজন আফগানের একজন। শীতে ৫০ লাখ মানুষ ক্ষুধার জরুরি পর্যায়ে পৌঁছাতে পারে।


আগামী বছর ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ৪০ লাখের বেশি শিশুর তীব্র অপুষ্টির চিকিৎসা প্রয়োজন হতে পারে। অথচ দেশটির প্রায় এক-তৃতীয়াংশ পুষ্টিসেবাকেন্দ্র বন্ধ হয়ে গেছে বা কার্যক্রম স্থগিত করেছে। অর্থায়ন কমে যাওয়া এর অন্যতম কারণ।


চেরেভকো সতর্ক করে বলেন, এসব সেবা হারিয়ে গেলে বিশেষ করে শিশুদের ওপর এমন প্রভাব পড়তে পারে, যা আর কাটিয়ে ওঠা সম্ভব হবে না।


বৃষ্টিপাত ও কৃষি উৎপাদন বাড়লেও লাখ লাখ মানুষের খাবার কেনার সামর্থ্য নেই। দীর্ঘদিনের সংঘাত, খরা ও অর্থনৈতিক দুর্দশা পরিবারগুলোর সংকট মোকাবিলার সক্ষমতা দুর্বল করেছে। কয়েক বছরের খরার ক্ষতি একটি ভালো ফসলে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেন তিনি।


নারী ও মেয়েদের ওপর বিধিনিষেধও সংকট বাড়াচ্ছে। ইউনিসেফের হিসাবে, এসব বিধিনিষেধ চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে আফগানিস্তান ২০ হাজার নারী শিক্ষক ও ৫ হাজার ৪০০ নারী স্বাস্থ্যকর্মী হারাতে পারে।


শীতের আগেই জরুরি মানবিক সহায়তার পাশাপাশি কৃষি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং নারীর অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানান চেরেভকো।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন