ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মাধ্যমে  শেষ হচ্ছে দুর্গোৎসব

জাতীয়

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে দুর্গোৎসব

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ বিজয়া দশমীতে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হওয়া এই আনন্দ-উৎসব শেষে আজ মণ্ডপগুলোতে বিদায়ের সুর বাজছে।

অশুভ শক্তিকে বিনাশ করে দুর্গতিনাশিনী দেবী দুর্গা আজ মর্ত্যলোক ছেড়ে কৈলাশে স্বামীগৃহে ফিরে যাবেন। ঢাক-ঢোল, কাঁসর ও শঙ্খধ্বনিতে মুখরিত পূজামণ্ডপগুলোতে ভক্তদের মাঝে এখন বিষাদের ছায়া নেমে এসেছে।

 

এর আগে গতকাল মঙ্গলবার মহানবমীতে রাজধানী ঢাকার মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিশেষ করে পুরান ঢাকা পরিণত হয় জনসমুদ্রে; শিশু থেকে বৃদ্ধ, সব বয়সী মানুষ নতুন পোশাকে মণ্ডপগুলো ঘুরে দেখেন। হিন্দু শাস্ত্রমতে, রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র নবমী পূজা করেছিলেন। সেই রীতি মেনে গতকাল নীল অপরাজিতা ফুল, ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে নবমী বিহিত পূজা ও অঞ্জলি প্রদান করেন পুণ্যার্থীরা।

 

আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের কড়া নির্দেশনা দিয়েছে। বিসর্জনের আগে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ঐতিহ্যবাহী এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এই শোভাযাত্রাটি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদরঘাটে গিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হবে।

 

এ বছর হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি বাড়িয়ে সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিন করায় উৎসবের আনন্দ বহুগুণ বেড়ে যায়। বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছে। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, বরং এটি বাংলাদেশের অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটি পালিত হচ্ছে এবং সরকারি-বেসরকারি টেলিভিশন, রেডিও ও সংবাদপত্রগুলো বিশেষ অনুষ্ঠানমালা ও নিবন্ধ প্রকাশ করছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন