আন্তর্জাতিক, আমেরিকা
৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে তিন লাখেরও বেশি ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। মূলত অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিবেচিত বিদেশি নাগরিকদের লক্ষ্য করেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই ভিসা বাতিলের বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, বাতিল হওয়া ভিসার সংখ্যা এরই মধ্যে তিন লাখ ছাড়িয়েছে এবং এই সংখ্যা ক্রমশ বাড়ছে। ভিসাধারীদের কড়া সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আইনকানুন মেনে না চললে দেশটিতে ভ্রমণের সুযোগ হারাতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে দেশের এবং মার্কিন জনগণের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মোরা নামদার তাঁর এক্স পোস্টে হোয়াইট হাউসের একটি বার্তাও যুক্ত করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্য যেকোনো প্রশাসনের তুলনায় বর্তমান ট্রাম্প প্রশাসন সবচেয়ে দ্রুতগতিতে এবং রেকর্ড সংখ্যক ভিসা বাতিল করেছে। এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রশাসন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে, জাতীয় নিরাপত্তা ও অভিবাসন আইনের বিষয়ে তারা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
একই বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও এক্সে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে, এমন বিদেশিদের ভিসা অবিলম্বে বাতিল করা হচ্ছে। ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক আইন ভাঙলে, জালিয়াতি করলে কিংবা মার্কিন জাতীয় নিরাপত্তাকে বিন্দুমাত্র দুর্বল করার চেষ্টা করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।
ডিবিসি/এফএইচআর