আন্তর্জাতিক
মিশরে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৩

মিশরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী বাসের সঙ্গে একটি বড় ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত এবং অন্তত ৩৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো থেকে আসিউতগামী পশ্চিম মরুভূমি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনার পরপরই শক্তিশালী এই সংঘর্ষে বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে ছিঁড়ে যায় এবং যাত্রীদের আসনগুলো সড়কের পাশে ছিটকে পড়ে। ট্রাকের পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ আটকে থাকতে দেখা যায়। পরে ক্রেন ব্যবহার করে বাসটি উদ্ধার করা হয় এবং সড়ক থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গিজা শহরের একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
উত্তর আফ্রিকার দেশটিতে প্রায়শই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। মিশরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার দেওয়া তথ্যমতে, শুধুমাত্র গত বছরই দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে।
দেশটিতে সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে। গত মাসেই সিনাই উপদ্বীপে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানের পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। এর আগে গত আগস্টে মিশরের উত্তরাঞ্চলে কৃষিশ্রমিকদের বহনকারী দুটি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৮ জন প্রাণ হারান, যাদের মধ্যে অনেক শিশুও ছিল।
ডিবিসি/এফএইচআর