সারা বাংলা
জামায়াতের কথা ও কাজে মিল নেই, তারা ফ্যামিলি কার্ড পেতে পাগল: এমপি খোকন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘জামায়াতের নেতারা শুধু মুখেই ভালো ভালো কথা বলেন। তাদের দলের নেতাকর্মীদের বাইরে দেশের সাধারণ মানুষের জন্য তারা কিছুই করেন না। তাদের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই।’
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির প্রথমে ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন। কিন্তু এখন জামায়াতে ইসলামীর প্রত্যেক এমপি এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য পাগল হয়ে গেছেন।’
সদ্য পদত্যাগকারী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়েও কথা বলেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘যে অপরাধেই হোক আর যেভাবেই তিনি অস্ত্র হাতে তুলে নিক না কেন, সেটা বড় কথা নয়। দলের সিদ্ধান্ত মেনে তিনি পদত্যাগ করেছেন, এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই।’
দলের প্রতি আনুগত্য এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এমপি খোকন বলেন, ‘বিগত ১৭ বছর বিরোধী দলে থাকতে আমরা যেভাবে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের আদেশ মেনে চলেছি, ঠিক একইভাবে এখনও আমরা তারেক রহমান ও দলের সিদ্ধান্ত মেনে চলি। এ বিষয়ে বিরোধীরা বা জামায়াত অথবা এনসিপি কী বলল, সেটা আমাদের কাছে বড় কথা নয়। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাব।’
পূজামণ্ডপ পরিদর্শনের সময় সেখানে মাদারীপুরের পুলিশ সুপার মোহা. ফজলে এলাহীসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিবিসি/এমএনকে