সারা বাংলা
হবিগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকাইলছেও আইডিয়াল স্কুল ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম বিবি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। মাত্র এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাড়ির পেছনে কালনী নদীতে গোসল করতে নামেন মরিয়ম। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মঙ্গলবার দিনব্যাপী নদীতে উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পায়নি।
পরবর্তীতে বুধবার সকালে কালনী নদীর কাকাইলছেও আইডিয়াল স্কুল ঘাট এলাকায় মরিয়মের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিখোঁজ গৃহবধূর মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিবিসি/এমএনকে