সারা বাংলা
রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পাশ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-৫-এর একটি আভিযানিক দল আদুবুড়ি উপরিমাঠ এলাকার ওই লিচুবাগানে অভিযান চালায়। এ সময় বাগানের পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সিমেন্টের বস্তার ভেতর থেকে হাতে তৈরি এই তাজা ককটেলগুলো পাওয়া যায়।
উদ্ধার হওয়া ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল এবং ৩৯টি কালো কসটেপে মোড়ানো ছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা তৈরি করে ককটেলগুলো উদ্ধার দেখানো হয়।
এসআরবি আরও জানায়, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধারকৃত ককটেলগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এমএনকে