সারা বাংলা
যশোরে ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দিন নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকার একটি ইটভাটা সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। আটক আলাউদ্দিন শার্শা উপজেলার হাড়িখালী-যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন আলাউদ্দিনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১৮টি স্বর্ণের বার এবং একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
বুধবার দুপুর ২টার দিকে শার্শা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এমএনকে