সারা বাংলা
চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একই গাড়ির আরও চার যাত্রী।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬০) এবং তাঁর মেয়ে নাজমা খাতুন (৪২)। দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে মো. আলতাফ হোসেন (৫২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে ওই যাত্রীরা মাইক্রোবাসে করে বান্দরবানে একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি কাজ শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিবিসি/এমএনকে