ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আজ সকালে বঙ্গভবনে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে দৃঢ় ও আপসহীন থাকতে হবে। কোনো অপশক্তি যেন জাতীয় ঐক্য ও অগ্রগতি বিনষ্ট করতে না পারে, সেজন্য পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে সবাইকে মিলে দেশ গড়ার ওপর জোর দেন তিনি।

 

সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের নানা প্রান্তে যখন যুদ্ধ ও হানাহানি চলছে, তখন বাংলাদেশে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের সবচেয়ে বড় অর্জন ও জাতীয় ঐক্যের ভিত্তি। এই অসাম্প্রদায়িক সম্প্রীতি যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি। 

 

রাষ্ট্রপতি স্মরণ করিয়ে দেন যে, ধর্ম যার যার হলেও রাষ্ট্র সবার এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতা সংবিধান দ্বারা স্বীকৃত। ধর্ম বা গোষ্ঠীর পরিচয়ে বৈষম্য অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি সকল ধর্মের মানুষের জন্য সমান সুবিধা নিশ্চিতে একটি জাতীয় কমিটি গঠনেরও আহ্বান জানান। উৎসব নিরাপদ ও আনন্দময় করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

এর আগে অনুষ্ঠানে ‘হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট’, ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ এবং ‘মহানগর সার্বজনীন পূজা কমিটি’র পক্ষ থেকে নেতৃবৃন্দ রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতিও আগত সকল দর্শনার্থী ও অতিথির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম, ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন