সারা বাংলা
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে অপহরণচেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর মোড়ে ইকোনো পরিবহনের একটি বাস থেকে রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলালকে (৫৩) নামিয়ে মারধর ও অপহরণচেষ্টার ঘটনা ঘটেছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে (৩২) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ সময় জড়িত অন্য ১০ থেকে ১২ জন পালিয়ে যায়।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অজ্ঞাতনামা ব্যক্তিরা হেলালকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে বাস থেকে নামিয়ে উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে নিয়ে যায় এবং গণপিটুনির চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা জামালকে আটক করে।
আটক জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
ডিবিসি/আরএসএল