সারা বাংলা
ইঞ্জিন বিকল হয়ে আড়াই ঘণ্টা ধরে স্টেশনেই আটকে কিশোরগঞ্জ এক্সপ্রেস

ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে আছে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় ট্রেনটির যাত্রা শুরুর কথা থাকলেও সাড়ে ৬টা পর্যন্ত যাত্রা শুরু করতে পারেনি। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ট্রেনটির শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নির্ধারিত সময় বিকেল ৪টায় ট্রেনটির ঢাকা অভিমুখে যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। ইঞ্জিন কখন সচল হবে এবং ট্রেনটির যাত্রা কখন শুরু হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পার হলেও ট্রেনের যাত্রা শুরু না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিলম্বের কারণে ট্রেনটির পরবর্তী চলাচলের সময়সূচিতেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডিবিসি/এসডব্লিউএন