ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

জয়পুরহাটে থানায় ঢুকে ৩ পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি আঘাত, যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে থানায় ঢুকে ৩ পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি আঘাত, যুবক গ্রেপ্তার

সারা বাংলা

জয়পুরহাটে থানায় ঢুকে ৩ পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি আঘাত, যুবক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

জয়পুরহাটের কালাই থানা চত্বরের ভেতরে আসলাম হোসেন (২৮) নামে এক যুবক প্রবেশ করে কাঠের বাটাম দিয়ে কিছু বুঝে ওঠার আগেই তিন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারপিট করে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় তিন পুলিশ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ওই তিন পুলিশ সদস্য কর্মস্থলে বিশ্রামে রয়েছেন।

১৯ অক্টোবর (সোমবার) রাত সোয়া ৭টায় কালাই থানার ভেতরে এ ঘটনা ঘটে। পরদিন ২০ অক্টোবর পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে। ঘটনার এক দিন পর ২০ অক্টোবর রাতে পুলিশ মারপিটের ঘটনায় জড়িত আসলাম হোসেনকে গ্রেপ্তার করে আজ বুধবার দুপুরে জেলহাজতে প্রেরণ করেছে।

 

আহত তিন পুলিশ সদস্য হলেন- কালাই থানার কনস্টেবল মাহমুদুল হাসান রকি, গাড়িচালক কনস্টেবল মাসুদ রানা এবং এসআই (নিরস্ত্র) আহসান হাবীব। অভিযুক্ত আসলাম হোসেন কালাই পৌর শহরের থুপসাড়া মহল্লার মুনসুর রহমানের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে চলতি দুর্গাপূজার দায়িত্ব পালন করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কালাই থানার পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে সবার অগোচরে থানার ভেতরে কর্মরত ডিউটি অফিসারের অফিস কক্ষের সামনে গিয়ে দাঁড়ান আসলাম হোসেন।

 

এ সময় থানা চত্বরের ভেতরে ভবনের মূল ফটকে সেন্ট্রির দায়িত্বে থাকা নারী কনস্টেবল মোছা. স্মৃতি আকতার তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চান। এ সময় আসলাম ওই নারী কনস্টেবলের কথার কোনো জবাব না দিয়েই পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে বাটাম দিয়ে আঘাত করতে থাকেন।

 

এলোপাতাড়ি আঘাতের কারণে কনস্টেবল মাহমুদুল হাসান রকির বাম চোয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণরক্ষার্থে দৌড় দিলে আসলাম তার পিছু ধাওয়া করেন। এ সময় কনস্টেবল মাহমুদুল হাসান রকি রক্তাক্ত জখম হন।

 

এ ঘটনা অন্যান্য পুলিশ সদস্য দেখে আসলামকে আটকানোর চেষ্টা করলে সে আরও বেপরোয়া হয়ে ওঠে এবং থানার পিকআপ চালক কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করে। এ অবস্থায় কনস্টেবল মাসুদ রানাকে উদ্ধার করতে এসআই (নিরস্ত্র) আহসান হাবীব এগিয়ে এলে তাকেও মারপিট করে আসলাম। 


এতে পিকআপ চালক কনস্টেবল মাসুদ রানা ও এসআই (নিরস্ত্র) আহসান হাবীব গুরুতর জখম হন। পরে থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদীসহ অন্যান্য পুলিশ সদস্য আসলামকে আটকাতে এগিয়ে এলে সে হাতে থাকা কাঠের বাটাম ফেলে দিয়ে দ্রুত থানার ভেতর থেকে পালিয়ে যায়।

 

এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন পুলিশ অভিযুক্ত আসলাম হোসেনকে আসামি করে মামলা দায়ের করলে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আসলামের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে আসলাম হোসেন নামে এক যুবক থানার তিন পুলিশ সদস্যের ওপর হামলা করায় তারা গুরুতর জখম হয়েছেন। ঘটনার সময় আমি মন্ত্রী মহোদয়ের ডিউটিতে ছিলাম। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত আসলামকে গ্রেপ্তার করে আজ বুধবার দুপুরে জয়পুরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন