আন্তর্জাতিক, ভারত
ভারতে জাদুকর সন্দেহে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করল প্রতিবেশীরা

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পালামু জেলায় ডাইনিবিদ্যা চর্চার সন্দেহে সীতারাম (৬১) নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে পালামু জেলার নওডিহা বাজার ব্লকের শাহপুর পঞ্চায়েতের অন্তর্গত মানগারাডিহ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই একই গ্রামের বাসিন্দা বিবেক কুমার (৩০) গত প্রায় ১০ দিন ধরে অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসা চলছিল। বিবেকের পরিবারের সন্দেহ ছিল, সীতারাম তার ওপর কোনো ডাইনিবিদ্যা বা তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছেন। এই ভিত্তিহীন সন্দেহ থেকেই দুই পরিবারের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে এই বিবাদকে কেন্দ্র করে ঝগড়া শুরু হলে সীতারামকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ওই গ্রামে পৌঁছে তদন্ত শুরু করে। ছাতারপুরের মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) প্রশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্তে যুক্ত পুলিশ সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
তদন্তকারীরা নিহতের পরিবারের সদস্য, প্রতিবেশী এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের জিজ্ঞাসাবাদ করছেন। এসডিপিও প্রশান্ত কুমার বলেন, ‘আমরা ঘটনার সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখছি। বিবেক কুমারের পরিবারের কেউ এতে জড়িত কি না, তা তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে।’ পুলিশ সব দিক বিবেচনা করে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
ডিবিসি/এসডব্লিউএন