সারা বাংলা
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

যশোরের কেশবপুরে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চন্দন পালিত (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত চন্দন পালিত উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পরিমল পালিতের ছেলে। সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম পাটোয়ারী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত চন্দন পালিত গত সোমবার (১৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে তার কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে কেশবপুর-কলাগাছি সড়কের নুড়িতলা নামক স্থানে অসাবধানতাবশত মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে তিনি সড়কের ওপর পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাৎক্ষণিক কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করলে পরিবারের সদস্যরা খুলনায় নিয়ে যান। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে চন্দন পালিত মারা যান।
জানা গেছে, চন্দন পালিত এক বছর আগে বিয়ে করেছিলেন। স্ত্রীকে নিয়ে এবার দুর্গাপূজায় ঘুরতে যাওয়ার কথা ছিল বিভিন্ন মণ্ডপে।
ডিবিসি/এসডব্লিউএন