আন্তর্জাতিক, ভারত
ভারতে টাকা না পেয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে লোন আনিয়ে যুবককে ছিনতাই

ভারতের চেন্নাইয়ে ২১ বছর বয়সী এক যুবককে অপহরণ করে মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ নিতে বাধ্য করেছে একদল অপহরণকারী। ঋণ অনুমোদনের পর এটিএম থেকে ৯ হাজার ৫০০ টাকা তুলে নেয় তারা। পরে ওই যুবকের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
দেশটির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, শহরের পল্লিকরণই এলাকা থেকে অজয় (২১) নামের ওই যুবককে অপহরণ করে একটি অটোরিকশায় আটকে রাখা হয়। অজয় যখন তার কাছে কোনো টাকা নেই বলে জানায়, তখন অপহরণকারীরা তাকে মারধর করে এবং একটি অ্যাপের মাধ্যমে লোন বা ঋণ নিতে বাধ্য করে।
লোনটি অনুমোদিত হওয়ার পর ছিনতাইকারীরা একটি এটিএম বুথের সামনে থামে এবং সেখান থেকে ৯ হাজার ৫০০ টাকা তুলে অজয়ের মোবাইল ফোনটি নিয়ে চম্পট দেয়।
এ ঘটনায় পল্লিকরণই থানা পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরে চেন্নাইয়ের বাসিন্দা সাই আবুথকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) ও সঞ্জয়কে (২১) শনাক্ত করে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা জানান, ‘অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি অপহরণের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।’
ডিবিসি/এসডব্লিউএন