ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলে দেয়ার যৌথ আহ্বান কাতার-ফ্রান্সের

গাজায় যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলে দেয়ার যৌথ আহ্বান কাতার-ফ্রান্সের

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলে দেয়ার যৌথ আহ্বান কাতার-ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মধ্যে এক বৈঠকের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স। বুধবার (২১ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে দুই নেতা ‘বিনা বাধা বা ফিতে’ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার ওপর জোর দেন।

আঞ্চলিক উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে বলে মঙ্গলবার জানিয়েছিলেন কাতারের মধ্যস্থতাকারী ইব্রাহিম বিন সুলতান আল হাশমি। অন্যদিকে, বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘কূটনীতিকে আরও একটি সুযোগ দিতে ইরান প্রস্তুত।’ তবে কাতার ও ফ্রান্সের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই নেতা এই অঞ্চলের দেশগুলোর ওপর ইরানের সামরিক হামলার নিন্দা জানিয়েছেন, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।’


গাজা প্রসঙ্গে দুই নেতা ‘সম্মত ব্যবস্থা অনুযায়ী’ ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি ‘বিনা শর্তে বা বাধায়’ দ্রুত ও নিরাপদে মানবিক সহায়তা পৌঁছানোর তাগিদ দেন। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী, গাজার প্রায় ১৪ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। পশ্চিম তীর নিয়ে বিবৃতিতে বলা হয়, ‘ফ্রান্স এবং কাতার পশ্চিম তীরের যেকোনো ধরনের সংযুক্তির বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছে এবং ইসরায়েলি বসতি স্থাপন নীতি ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।’


এছাড়া লেবাননের সার্বভৌমত্ব ফিরিয়ে আনা, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়েও সমর্থন জানিয়েছে দুই দেশ। সেই সঙ্গে সিরিয়ায় স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে যৌথভাবে কাজ করার এবং নিজেদের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে কাতার ও ফ্রান্স। মূলত আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যেই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফর করছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন