সারা বাংলা
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে মন্তব্যকারী যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইস একটা বড় সুযোগ ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল মন্তব্যকারী এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি ৫। বুধবার (২১ অক্টোবর) রাতে রাজশাহীর পবা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম আবু বকর সিদ্দিক। এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন। এ সময় রাস্তার দুই ধারে অপেক্ষমাণ অসংখ্য মানুষ তাঁকে শুভেচ্ছা জানান এবং চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে জবাব দেন।
পরবর্তীতে দ্য বিউটি অব রাজশাহী নামের একটি ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ব্যবহৃত বাসটি নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে রুয়েটের বাসের ছবি যুক্ত করে লেখা হয়, ‘সবই বুঝলাম! রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’
এই পোস্টের মন্তব্যের ঘরে এমডি আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল’।
এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা। তাঁরা এই মন্তব্যের সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রাজনৈতিক নেতাদের মতে, মন্তব্যটির উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো বাস্তব হুমকির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা জরুরি।
ডিবিসি/এমএনকে