ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

টেক্সাসে বন্য প্রাণীর শরীরে মাংসখেকো পরজীবীর সংক্রমণ, আতঙ্কে খামারিরাও

টেক্সাসে বন্য প্রাণীর শরীরে মাংসখেকো পরজীবীর সংক্রমণ, আতঙ্কে খামারিরাও

আন্তর্জাতিক

টেক্সাসে বন্য প্রাণীর শরীরে মাংসখেকো পরজীবীর সংক্রমণ, আতঙ্কে খামারিরাও

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পেকোস কাউন্টিতে একটি এলকের (হরিণজাতীয় বন্যপ্রাণী) শরীরে মাংসখেকো পরজীবী ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ শনাক্ত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) দেশটির বন্যপ্রাণীর মধ্যে প্রথমবারের মতো এই পরজীবী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইউএসডিএ এক বিবৃতিতে জানিয়েছে, শিকারির হাতে ধরা পড়ার পর একটি গেম র‍্যাঞ্চে থাকা ওই প্রাণীটির শরীরে এই ক্ষতিকর পরজীবীর উপস্থিতি পাওয়া যায়।

এই ঘটনার পর টেক্সাস অ্যানিমেল হেলথ কমিশন আগে থেকে নির্ধারিত উপদ্রুত এলাকার সীমানা নতুন করে ঠিক করতে যাচ্ছে। এছাড়া, ইউএসডিএ এবং টেক্সাসের পার্ক ও বন্যপ্রাণী বিভাগ ওই এলাকায় বন্যপ্রাণীদের ওপর বাড়তি নজরদারি চালাচ্ছে। এ বিষয়ে টেক্সাস বন্যপ্রাণী বিভাগের পরিচালক অ্যালান কেইন বলেন, ‘এই মৌসুমে মাঠে থাকাকালীন আমরা সকল শিকারি এবং জমির মালিকদের নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মের লক্ষণগুলোর বিষয়ে সতর্ক থাকার জন্য উৎসাহিত করছি।’


কয়েক দশক আগেই যুক্তরাষ্ট্র থেকে এই পরজীবী পুরোপুরি নির্মূল করা হয়েছিল। তবে সম্প্রতি মধ্য আমেরিকা থেকে মেক্সিকো হয়ে এটি আবারও উত্তরে ছড়িয়ে পড়ছে। এর জেরে এক বছরের বেশি সময় ধরে মেক্সিকো থেকে গবাদিপশু আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল ওয়াশিংটন। গত বছর পরজীবীর বিস্তার ঠেকাতে এই নিষেধাজ্ঞা দেয়া হলেও, গত আগস্টে অ্যারিজোনা বন্দর দিয়ে বাণিজ্য আংশিকভাবে শুরু হয়। দীর্ঘদিন গবাদিপশু আমদানি বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রে সরবরাহে টান পড়ে এবং আমেরিকান ভোক্তাদের জন্য গরুর মাংসের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়।


কঠোর নজরদারি সত্ত্বেও, গত জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছে টেক্সাসের জাভালা কাউন্টিতে একটি বাছুরের শরীরে স্ক্রুওয়ার্ম শনাক্ত হয়। এরপর চলতি বছর যুক্তরাষ্ট্রে একটি ঘোড়া ও একটি কুকুরসহ অন্তত কয়েক ডজন এমন সংক্রমণের ঘটনা সামনে এসেছে।


সূত্র: গালফ নিউজ


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন