ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যশোরে আইফোনের জন্য কিশোরকে খুনের অভিযোগ

যশোরে আইফোনের জন্য কিশোরকে খুনের অভিযোগ

সারা বাংলা

যশোরে আইফোনের জন্য কিশোরকে খুনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

বিদেশে গিয়ে নিজের কর্মজীবন শুরু করার স্বপ্ন দেখেছিল ১৭ বছর বয়সী কিশোর স্বাধীন। কিন্তু একটি আইফোনকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে সেই স্বপ্ন পূরণের আগেই তাকে প্রাণ হারাতে হলো। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বাধীন যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার টিপু হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে স্বাধীনের মা তাকে একটি আইফোন কিনে দেন। পরিবারের অভিযোগ, এই ফোনটিকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। নিহতের মায়ের দাবি, আইফোনের কারণে স্বাধীনকে গুম করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাটি ধামাচাপা দিতে তার বিরুদ্ধে চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়।

 

নিহতের স্বজনরা জানান, গত রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় স্বাধীন। ওই দিন রাতেই তারা খবর পান, শহরের মালোপাড়ার একটি মাঠে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে সে। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশ দেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

 

স্বাধীনের দাদি সেলিনা বেগম অভিযোগ করে বলেন, মালোপাড়ার ওলি নামে এক নারী প্রথমে স্বাধীনকে আঘাত করেন। পরে সেখানে আরও লোকজন জড়ো করে সংঘবদ্ধভাবে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

 

অন্যদিকে, স্বাধীনের বাবা টিপু হোসেন অভিযোগ করেন, ছোট কসাই, শহিদুল ও উজ্জ্বলসহ কয়েকজন মিলে পরিকল্পিতভাবে তার ছেলেকে মারধর করে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

 

পরিবার জানিয়েছে, স্বাধীনের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন