সারা বাংলা
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সৎ ও ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।
একই সঙ্গে নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি মনে করেন, আগামী ১০ বছরের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন।
নির্বাচনী সংস্কারের ওপর জোর দিয়ে স্পিকার বলেন, অর্থসম্পদ না থাকলেও সমাজে যাঁদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, তাঁদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। গত ১৭ বছরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
ভোলার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার প্রসঙ্গে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এ জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। এখানে আরও গ্যাসের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ ভোলার মানুষ দীর্ঘদিন ধরে গ্যাসের জন্য কষ্ট করছেন। স্থানীয় বাসিন্দাদের জন্য গ্যাস নিশ্চিত করা তাঁদের ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। ভোলার মানুষের এই দাবির বিষয়ে তিনি সরাসরি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় ভোলা সার্কিট হাউসে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।
ডিবিসি/এমএনকে