ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে চুক্তির প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ডিজেলের চালান পাঠাচ্ছে রাশিয়া

ট্রাম্পের সঙ্গে চুক্তির প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ডিজেলের চালান পাঠাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে চুক্তির প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ডিজেলের চালান পাঠাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২২শে অক্টোবর ২০২৬ ১২:৩৯:৪২ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তির পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ডিজেলভর্তি ট্যাংকার পাঠাচ্ছে রাশিয়া। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বুধবার (২১ অক্টোবর) সাংবাদিকদের জানিয়েছিলেন, ৪০ হাজার টন জ্বালানি নিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবে ট্যাংকারটি। তবে এটি যুক্তরাষ্ট্রের ঠিক কোন বন্দরে গিয়ে পৌঁছাবে, তা উল্লেখ করেননি তিনি।

ইউক্রেনের ড্রোন হামলায় উৎপাদন ব্যাহত হওয়ায় অভ্যন্তরীণ ঘাটতি মেটাতে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল মস্কো। তবে গত ৯ অক্টোবর সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। চলতি মাসের শুরুতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারের সক্ষমতা অন্তত অর্ধেক কমে গেছে, যার ফলে শীর্ষ শোধনাগারগুলোতে উৎপাদন কমাতে বাধ্য হয়েছে তারা। উৎপাদন কমে যাওয়ার এই সংকটের মাঝেই যুক্তরাষ্ট্রে ডিজেলের চালানটি পাঠাচ্ছে রাশিয়া।


রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেয়া সাক্ষাৎকারে নোভাক বলেন, ‘অবশ্যই আরও চালান পাঠানো হবে। দুই নেতার মধ্যে চুক্তি হয়েছে। আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী যুক্তরাষ্ট্রের চাহিদা মেটাব।’ যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফও একই ধরনের কথা বলেছেন। সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে বেশ কয়েকটি জাহাজের মাধ্যমে সরবরাহের প্রস্তুতি নিচ্ছি। ট্যাংকারগুলো একের পর এক যাবে। এর আর্থিক দিকটিও নিশ্চিত করা হবে।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের বাজারে ‘বিপুল পরিমাণ’ সারও সরবরাহ করতে পারবে রাশিয়া। এর আগে ট্রাম্প বলেছিলেন, মস্কো প্রথমে ৩ লাখ টন ডিজেল রপ্তানি করবে। এরপর নভেম্বরে ৫ লাখ টন এবং ‘ঠিক পরপরই’ আরও ১০ লাখ টন সরবরাহ করা হবে।


যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তারা দীর্ঘদিন ধরে জ্বালানি স্টেশনে চড়া মূল্যের কারণে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে এটি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬.৩১ ডলার (প্রতি লিটার ১.৭০ ডলার)। যদিও এক মাস আগের ৬.৫১ ডলারের তুলনায় দাম কিছুটা কমতির দিকে, তবুও এটি এখনো ৬ ডলারের ওপরেই রয়ে গেছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন