সারা বাংলা
কক্সবাজারে নিখোঁজ আরও এক পর্যটকের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৪

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে মোহাম্মদ হারুন (২০) নামের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। তবে এস এম নাফিসুর রহমান নিবিড় নামে আরও এক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকার সৈকত থেকে হারুনের মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত হারুন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার মোহাম্মদ কবির আহমদের ছেলে। তাঁর আদি নিবাস নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাঁনপুর এলাকায়।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ সোলেমান জানান, বুধবার বিকেলে মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপ এলাকার মৎস্য জাদুঘর সংলগ্ন মেরিনা রিসোর্ট সৈকতে গোসলে নেমে দুই পর্যটক নিখোঁজ হন। এরপর থেকে লাইফ গার্ড, বিচ কর্মী ও পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছিল। বৃহস্পতিবার সকালে হিমছড়ি সৈকতে সাগরে জোয়ারের পানিতে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে। বর্তমানে হারুনের মৃতদেহ হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ঢাকার উত্তরা থেকে আসা এস এম নাফিসুর রহমান নিবিড় নামের অপর পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে পুলিশসহ সংশ্লিষ্টদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে বুধবার বিকেলে পেঁচারদ্বীপ মেরিনা রিসোর্টের জাদুঘর সৈকত সংলগ্ন সাগরে ৭ জন ও ৫ জনের পৃথক দুটি পর্যটক দল গোসলে নামে। এ সময় ভাটার স্রোতের টানে ভেসে যেতে দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ৩ জনকে মৃত অবস্থায় এবং একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। ওই ঘটনায় দুই দলের দুজন পর্যটক নিখোঁজ ছিলেন, যাঁদের মধ্যে আজ সকালে একজনের লাশ উদ্ধার হলো।
ডিবিসি/এমএনকে