ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ গেল বাবা, মা ও সন্তানের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ গেল বাবা, মা ও সন্তানের

সারা বাংলা

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ গেল বাবা, মা ও সন্তানের

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২২শে অক্টোবর ২০২৬ ০১:০০:৩১ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন লাল চান মিয়া (৬০), তাঁর স্ত্রী নাসিমা খাতুন (৫০) এবং তাঁদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা আক্তার। তাঁদের মূল বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর চেরাগআলী এলাকার মুদাফা মাস্টারপাড়ায় ফখরুল ইসলামের বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন গার্মেন্টসকর্মী লাল চান মিয়া ও তাঁর পরিবার। 

 

গত বুধবার (২১ অক্টোবর) ভোরে পরিবারের সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজন মারাত্মকভাবে দগ্ধ হন। তাঁদের আর্তনাদ শুনে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাঁদের উদ্ধার করেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণ ও আগুনে তিনজনেরই শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। সেই সঙ্গে আগুনে তাঁদের শ্বাসনালিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বার্ন ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর একে একে ওই তিনজনেরই মৃত্যু হয়।

 

জীবিকার তাগিদে টঙ্গীতে থাকা একই পরিবারের তিন সদস্যের এমন মৃত্যুতে তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন