ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, বিনোদন

টাইগার শ্রফের ওপর হামলার পর অক্ষয় কুমারের বাড়িতে বুলেটপ্রুফ কাচ, সালমান খানের নিরাপত্তা জোরদার

টাইগার শ্রফের ওপর হামলার পর অক্ষয় কুমারের বাড়িতে বুলেটপ্রুফ কাচ, সালমান খানের নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক, বিনোদন

টাইগার শ্রফের ওপর হামলার পর অক্ষয় কুমারের বাড়িতে বুলেটপ্রুফ কাচ, সালমান খানের নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২২শে অক্টোবর ২০২৬ ০১:০২:০৪ অপরাহ্ন

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর পুরো বলিউডে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশের তদন্তে জানা গেছে, হামলাকারীদের মূল লক্ষ্য টাইগার শ্রফ ছিলেন না, বরং বলিউডের অন্য এক শীর্ষ তারকা ছিলেন। এই তথ্য প্রকাশ্যে আসার পর সালমান খানের নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস (Y+) করা হয়েছে এবং চলমান তদন্তের মাঝেই তাকে মুম্বাই ছাড়তে দেখা গেছে। অন্যদিকে, জুহুতে নিজের বাড়িতে বুলেটপ্রুফ কাঁচ বসাচ্ছেন অক্ষয় কুমার। এছাড়া আমির খানের বান্দ্রার বাড়ি এবং চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির জুহুর বাড়ির বাইরেও পুলিশের টহল বাড়ানো হয়েছে।


গত রবিবার ফুটবল অনুশীলন শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে টাইগারের ওপর এই হামলার ঘটনা ঘটে। এতে তিনি সামান্য আহত হলেও তার গাড়িচালক ইব্রাহিম ফেরদৌস গুলিবিদ্ধ হন এবং তাকে নানাবতী ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর কড়া নিরাপত্তায় টাইগারকে বাড়িতে পৌঁছে দেয় মুম্বাই পুলিশ। পরে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অভিনেতার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন।


এই গোলাগুলির ঘটনায় উমেশ চৌহান নামে আরেক ব্যক্তি আহত হন। গুলি তার লিভারে আঘাত করায় বুধবার মুম্বাইয়ের কেইএম হাসপাতালে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, উমেশের সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে। মানখুর্দে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছয় বছরের ছেলে আরভকে নিয়ে উমেশের সংসার। তার এক আত্মীয় অরবিন্দ চৌরাসিয়া উমেশের স্ত্রীর বিষয়ে জানিয়েছেন, ‘তিনি আট মাসের অন্তঃসত্ত্বা এবং চিকিৎসক তাকে হাসপাতালে আসতে নিষেধ করেছেন কারণ এটি তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে’।


এদিকে, মঙ্গলবার হাসপাতালে গিয়ে উমেশের খোঁজখবর নেন টাইগারের মা আয়েশা শ্রফ এবং তার পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। মিড-ডে’র প্রতিবেদন অনুযায়ী, উমেশের চাচাতো ভাই রাহুল গৌড়ের সঙ্গে দেখা করে নিজের ফোন নম্বর দিয়ে এসেছেন আয়েশা। রাহুল বলেন, ‘আয়েশা ম্যাডাম মঙ্গলবার সকালে এসে আমার ভাইয়ের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনি উমেশ এবং তার স্ত্রীর প্রতি পূর্ণ সহযোগিতা ও সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। তারা আমার যোগাযোগের নম্বরও নিয়েছেন এবং তিনিও তার নম্বর আমাকে দিয়ে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন’।


সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন