বাংলাদেশ, সারা বাংলা
ফরিদপুরের ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার দুধবাজার এলাকার কুমার নদের ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জনের সময় নদীর ঘাটে প্রতিমা রাখাকে কেন্দ্র করে চালপট্টি হরিমন্দির যুব সংঘ ও কুমারপট্টি তরুণ সংঘের সদস্যদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে কুমারপট্টি তরুণ সংঘের লোকজন লাঠিসোঁটা নিয়ে চালপট্টি হরিমন্দির যুব সংঘের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে এ ঘটনায় সকলে সুস্থ রয়েছেন।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান । অভিযোগ পেলে তার আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/ এসভিএন