আন্তর্জাতিক
ফ্রান্সে প্রথমবারের মতো মানবদেহে প্রাণঘাতী ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত

ফ্রান্সে এই প্রথম মানবদেহে ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ। আক্রান্ত ওই ব্যক্তি পরবর্তীতে মারা যান। তবে এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য ভাইরাসটি কোনো ঝুঁকিপূর্ণ পর্যায়ে নেই বলেও আশ্বস্ত করা হয়েছে।
বিভিন্ন পোকা বা মশার মাধ্যমে ছড়ানো এই ভাইরাস সাধারণত গরু, ঘোড়া, আলপাকা, ভেড়া ও ছাগলের মধ্যে দেখা যায় বলে জানিয়েছে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা।
ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল জানিয়েছে, তারা ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের বসন্ত ও গ্রীষ্মে ফ্রান্সের পূর্বাঞ্চলে গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়া এই ভাইরাস থেকেই ওই ব্যক্তি আক্রান্ত হন।
মৃত ওই ব্যক্তি গুরুতর অসুস্থতার কারণে আগে থেকেই বেশি সংবেদনশীল ছিলেন এবং তিনি অক্টোবরের শুরুতে মারা যান। ভাইরাসটি মৃত্যুর কারণ বা এতে ভূমিকা রেখেছে কি না এবং কীভাবে সংক্রমণ ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এই ভাইরাসের বিরুদ্ধে বর্তমানে কোনো বাণিজ্যিক টিকা নেই।
ষাটের দশকের মাঝামাঝিতে নাইজেরিয়ায় শনাক্ত হওয়া শামোন্ডা ভাইরাসটি গত জুলাইয়ের শেষ দিকে দক্ষিণ জার্মানি, সুইজারল্যান্ড ও পূর্ব ফ্রান্সের অসুস্থ গরুর শরীরে প্রথম ইউরোপে ধরা পড়ে। এছাড়া ফ্রান্সের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, অস্ট্রিয়া, বেলজিয়াম, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন এবং যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশেও ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। ফ্রান্সের ৯টি খামারে চালানো এক গবেষণায় দেখা গেছে, এই ভাইরাসে আক্রান্ত গবাদিপশুর দুধ উৎপাদন প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত কমে গেছে।
ডিবিসি/এসডব্লিউএন